ভারতের আর্থিক সহযোগিতায় নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও শাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে দুটি দোতলা ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস নামে ওই দুই ছাত্রীনিবাস গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। এ সময় সাধন চন্দ্র মজুমদান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ-ভারত যে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছে, আজও তা অটুট রয়েছে এবং ভবিষ্যতেও অটুট থাকবে।
রিভা গাঙ্গুলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোলমডেল। নারীকে নারী হিসেবে না ভেবে একজন মানুষ ভাবতে হবে। মাথা উঁচু করে সম্মানের সঙ্গে এগিয়ে যেতে হবে। নারীরা আজ পুরুষের পাশাপাশি সমানভাবে দেশের জন্য কাজ করছে। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিমানবাহিনীতে কাজ করছে। নিজের ও দেশের মানুষের উন্নয়নের জন্য একযোগে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ।