হরতালের প্রভাবে শেয়ারবাজারের লেনদেন কমেছে

১৮ দলীয় জোটের ডাকা হরতালকে কেন্দ্র করে শেয়ারবাজারের লেনদেন কমে গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১২১ কোটি টাকা। এর আগের দিনও লেনদেন ছিল মাত্র ১৩৩ কোটি টাকা। তবে হরতাল শুরু হওয়ার কয়েকদিন আগে লেনদেন দুইশ কোটি টাকা ছাড়িয়ে যায়। বাজার বিশ্লেষকরা বলছেন, হরতালের কারণে বিনিয়োগকারীদের মধ্যে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাজারে লেনদেন কমে গেছে। তাছাড়া হরতালের কারণে অনেকে ব্রোকারেজ হাউসে আসতে পারেনি। এটিও লেনদেন কমার একটি কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের দিনের মতো গতকালও পোশাক খাত ছিল লেনদেনের শীর্ষে। মোট লেনদেনের ১৮ শতাংশই হয়েছে এ খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের মাধ্যমে। লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাত। এ খাতের লেনদেন ছিল মোট লেনদেনের ১৪ ভাগ। এদিকে প্রতিষ্ঠান হিসেবে লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল বেঙ্গল উইন্ডসোর। এরপর ছিল স্কয়ার ফার্মা, আরএন স্পিনিং মিল, ওরিয়ন ফার্মা, ইউনাইটেড এয়ার এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা কমে ৩ হাজার ৫১৫ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ১ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৭ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।