রেমিট্যান্স প্রবাহ ঠিক রেখেছে সৌদি প্রবাসীরা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৫৫
বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে বরাবরের মত এগিয়ে রয়েছে সৌদি আরব। আর এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। চলতি অর্থবছরের প্রথম নয় (জুলাই-মার্চ) মাসের দেশভিত্তিক রেমিটেন্সের হিসেবে এমন চিত্র দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, আলোচ্য সময়ে বৈধ চ্যানেলে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। ইউরোপের সবগুলো দেশ থেকে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এদেশ থেকে তার চেয়ে বেশি এসেছে বলে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে। আর অঞ্চলভিত্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের পরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, বাহরাইন ও কাতার থেকে বেশি রেমিট্যান্স এসেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইতালি, অষ্ট্রেলিয়া, ও জার্মানি থেকেও প্রচুর রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের নয় মাসে বিভিন্ন দেশে থেকে মোট এক হাজার ১১২ কোটি ১৩ লাখ টাকার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে সৌদি আরব থেকে এসেছে ৩০২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স। এছাড়া এসময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ২২০ কোটি ২৯ লাখ ডলার, যুক্তরাষ্ট্র থেকে ১৩৮ কোটি ৯৭ লাখ ডলার, কুয়েত থেকে ৯০ কোটি ১৩ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে ৭৭ কোটি ৭৬ লাখ ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৭৪ কোটি ৪০ লাখ ডলারের সম পরিমাণ রেমিট্যান্স।