আগস্টে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ট্রেড ইন বাংলাদেশ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশী পণ্যের সর্ববৃহত্ একক মেলা ট্রেড ইন বাংলাদেশ। আগামী ১৪, ১৫ ও ১৬ আগস্ট কুয়ালালামপরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিতব্য এ মেলায় অংশ নিতে পারবে বাংলাদেশের ২৪২ টি স্টল। মেলার আয়োজক প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস সম্প্রতি বনানীর আইএনআইএফডি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। মেলায় বাংলাদেশের ৩০০টি ডিউটি ফ্রি পণ্যের পাশাপাশি অংশ নিতে পারবে সফটওয়্যার, ট্যুরিজম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। হেডমাস্টার ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল ইসলাম জানান, মেলা উপলক্ষে বাংলাদেশের পর্যটন নিয়ে সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত ট্রেড ইন বাংলাদেশের মালয়েশিয়ার ব্যবস্থাপনায় রয়েছে এক্সপো মিডিয়া। বিজিএমইএ ও মালয়েশিয়া এসএমই মেলার পার্টনার হিসেবে কাজ করছে। - প্রেস বিজ্ঞপ্তি