নির্যাতন ও ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার এএসআইসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার আরএমপি কমিশনার হুমায়ুন কবীর তাদের বরখাস্তের আদেশ দেন। সাময়িক বরখাস্তের আগে তিন পুলিশকে রাজপাড়া থানা থেকে লাইনে প্রত্যাহার করা হয়। সাসপেন্ড পুলিশ সদস্যরা হলেন, এএসআই শরীফুল ইসলাম এবং দুই কনস্টেবল মনিরুল ইসলাম ও সুজন আলী।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, একজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযোগটি তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই অভিযুক্তদের সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন আরএমপি কমিশনার। তিনি আরো বলেন, বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তের পর সিদ্ধান্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ীভাবে কী ব্যবস্থা নেওয়া হবে।
সাময়িক বরখাস্ত হওয়া এএসআই শরীফুল ইসলামের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের হরিপুর সাহাপাড়ার আবদুল হাকিম মানিক নামের এক ব্যক্তি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলেন, গত ২৮ এপ্রিল এএসআই শরীফুলের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর ডাবতলা এলাকায় তার ভাই হার্টের রোগী মো. সালাহউদ্দীনকে নির্যাতন করেন ও মামলার ভয়ভীতি দেখিয়ে তিন হাজার টাকা কেড়ে নেয়। এ ছাড়া বিকাশের মাধ্যমে পরে নেওয়া হয় আরো চার হাজার টাকা। হূদরোগে আক্রান্ত হয়ে সালাহউদ্দিন রাজশাহীতে চিকিত্সা করাতে এসে পুলিশের হাতে এভাবে ছিনতাইয়ের শিকার হন। মানিক সাংবাদিকদের বলেন, তিন পুলিশের কাছে থাকা একটি মোটরসাইকেলের নম্বরের সূত্রে তাদের শনাক্ত করা হয়।