সরকারি জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৪৭
মীর্জাগঞ্জ উপজেলার কাঠালতলী বাজার সংলগ্ন বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়কের পার্শ্বে অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সরেজমিনে দেখা গেছে, মাধবখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোবাহান খলিফা উপজেলার কাঠালতলী বাজার সংলগ্ন বাকেরগঞ্জ-মীর্জাগঞ্জ-বরগুনা মহাসড়কের রাস্তা ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে দুই ইউনিট বিশিষ্ট পাকা দোকানঘর নির্মাণ করছেন। তার এ অবৈধ কার্যক্রমে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানায়, দলের নাম ভাঙ্গিয়ে এবং দাপট দেখিয়ে আওয়ামী লীগ নেতা সোবাহান খলিফা দিনে-দুপুরে এই অবৈধ স্থাপনা গড়ে তুলছেন। এ ব্যাপারে সোবহান খলিফার সঙ্গে আলাপ করলে তিনি জানান, আমার জমির ক্ষতিপূরণ বাবদ কোন অর্থ আমি পাইনি। এছাড়া সড়ক ও জনপথ বিভাগ তাদের অধিগ্রহণকৃত জমির উপর দিয়ে রাস্তা না নিয়ে আমার জমির উপর দিয়ে রাস্তা নিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল হক জানান, বিষয়টি এখন পর্যন্ত আমার গোচরে আসেনি। তবে এধরনের ঘটনা ঘটে থাকলে জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।