কালবৈশাখীর ছোবল
ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ক্লাস চলছে আকাশের নিচে
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৪৮
গত ১৬ এপ্রিল সন্ধ্যায় ভাণ্ডারিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত গৌরীপুর ইউনিয়নের চড়াইল আঃ আলী সিনিয়র আলিম মাদ্রাসার একটি টিনের ঘর ও খায়রুনেচ্ছা লিল্লা বোর্ডিং বিধ্বস্ত হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা এখন খোলা আকাশের নিচে ক্লাস করছে।
এ মাদ্রাসায় ২২ জন শিক্ষক কর্মচারী ও ৩ শতাধিক শিক্ষার্থী আছে। বর্তমানে একটি আধাপাকা টিনসেড ঘর থাকলেও তাতে সকল শিক্ষার্থীদের পাঠদান সম্ভব না হওয়ায় বাকি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করানো হচ্ছে। অপরদিকে লিল্লা বোর্ডিংটির ছাউনি না থাকায় এতিম নিবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাবেক গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও ঐ মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাওলাদার মানিক জানান, এ মাদ্রাসাটিতে সরকারিভাবে কোন ঘর নির্মাণ করা হয়নি। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুর রহমান জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা পারিবারিকভাবে পরিচালনা করে আসছেন। বর্তমানে এ মাদ্রাসার অবস্থা খুবই খারাপ। সামনে বর্ষা মৌসুম তাই এটি সংস্কার হওয়া খুবই জরুরী । তা না হলে শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হওয়া ছাড়াও অনেক শিক্ষার্থী ঝরে পড়বে। তাই মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারিভাবে মাদ্রাসাটি পুনঃনির্মাণের জোর দাবি জানান।