গাজীপুরে শহীদ মুক্তিযোদ্ধার কবর ভেঙে রাস্তা নির্মাণ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫৩
গাজীপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা কানু মিয়ার কবর ভেঙে সেখানে ওই কবরস্থানের ওপর দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহীদ কানু মিয়ার পরিবার ও এলাকাবাসী কবর ভাঙার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার সাবেক বাসন ইউনিয়নের কড্ডা কাঁঠালিয়াপাড়া গ্রামের হাজারী চৌকিদার শেখের ছেলে কানু মিয়া ১৯৭১ সালের ১৯ মার্চ পাকবাহিনীর বিরুদ্ধে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে আহত হন। পরে তিনি চিকিত্সাধীন থাকা অবস্থায় হাসপাতালে মারা যান। তাকে কড্ডা কাঁঠালিয়াপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। স্থানীয় প্রশাসন কাঁঠালিয়াপাড়া সড়কটির নামকরণ করেন শহীদ বীর কানু মিয়া সড়ক। প্রতিবছর ১৯ মার্চ কানু মিয়ার কবরে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদ কানু মিয়ার কবর সংলগ্ন তার বাবা হাজারী চৌকিদার শেখ, মাতা মালতি বিবি ও চাচা আজমত শেখের কবর রয়েছে।
শহীদ কানু মিয়ার ছেলে নবী মিয়া ও আব্দুল লতিফ জানান, রবিবার দিবাগত রাতে ওই এলাকার আ. মান্নান ও শরিফুল ইসলাম সঙ্গীয় লোকজন দিয়ে শহীদ বীর কানু মিয়ার বাঁধানো কবরটি ভেঙে রাস্তার সঙ্গে মিশিয়ে ফেলে। শরিফুল ইসলাম জানান, ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। সামাজিকভাবে বসে এ সমস্যার সমাধান করা হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এস.এম মুজিবুর রহমান জানান, শহীদ কানু মিয়ার কবর ভেঙে রাস্তা নির্মাণ করা নিন্দনীয় কাজ। কানু মিয়ার কবরটি কেবল তাদের পরিবারের নিজস্ব সম্পদ নয়। এটি এখন রাষ্ট্রীয় সম্পদ। এটি রক্ষার জন্য মুক্তিযোদ্ধা কমান্ড সবরকম ব্যবস্থা নেবে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ দেয়া হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।