বিশেষ প্রতিনিধি
কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়-এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশি সকল দূতাবাস, মিশনে যে কোনো যৌন নিপীড়ন ও হয়রানি রোধ করাই এ কমিটি গঠনের উদ্দেশ্য।
সম্প্রতি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশও জারি করেছে। দুই সদস্যবিশিষ্ট ‘নারী নিপীড়ন ও যৌন নির্যাতন বিরোধী অভিযোগ কমিটির’ প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠতম নারী কর্মকর্তা মহাপরিচালক (গবেষণা) নওরীন আহসানকে। আর মহাপরিচালক (আঞ্চলিক সংস্থাসমূহ) নাহিদা রহমান সুমনাকে কমিটির সদস্য রাখা হয়েছে। মন্ত্রণালয়, দূতাবাস, সংস্থায় নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী দ্বারা নিগৃহীত যে কোনো নারী এবং বিদেশে বসবাসরত বা কর্মরত যে কোনো বাংলাদেশি নারী ঐ কমিটির কাছে অভিযোগ করতে পারবেন। লিখিতভাবে, ই-মেইল যোগে বা টেলিফোনে অভিযোগ দায়ের করা যাবে।
সূত্র জানায়, কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১ এ ধরনের কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের এ বিষয়ে অনুরূপ নির্দেশনা রয়েছে বলে সূত্র জানায়।