বোস্টনের সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনের সন্দেহভাজন বোমা হামলাকারী জোখার সারানায়েভের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। আনীত অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। সোমবার হাসপাতালের কেবিনে অভিযোগের শুনানি শেষে মামলাটি দায়ের করা হয়। গ্রেফতারকালে গুলিতে আহত জোখার বর্তমানে বোস্টনের একটি হাসাপাতালে পুলিশ পাহারায় চিকিত্সাধীন। অভিযোগে বলা হয়, ১৯ বছর বয়সী চেচেন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জোখারকে ১৫ এপ্রিল বিশ্বখ্যাত বোস্টন ম্যারাথন চলাকালে ওই স্থানে থাকা নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে পিঠে ব্যাগ বাঁধা অবস্থায় ফিনিশ লাইনের কাছে দেখা গেছে। নিজ বড় ভাইয়ের সঙ্গে মিলিতভাবে নিজেদের উদ্দেশ্য সাধন করেছেন তারা। জোখারের বড় ভাই তামারলেন সারানায়েভ গত শুক্রবার সকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন। অভিযোগে আরো বলা হয়, এই দুই ভাই বোস্টন ম্যারাথন চলাকালে প্রেসার কুকারে বানানো বোমার বিস্ফোরণ ঘটিয়ে ৩ জনকে হত্যা ও ২শ’ জনকে আহত করে। ম্যারাথন দৌড়ের ফিনিশ লাইনের কাছে বিস্ফোরিত ওই বোমার মধ্যে থাকা পেরেক ও বল বিয়ারিং-এর আঘাতে দশজন তাদের পা হারায়। ব্যাপক অভিযানের পর শুক্রবার রাতে জোখার পুলিশের হাতে ধরা পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায়, ঘাড়ে, পায়ে ও হাতে গুলির আঘাত শনাক্ত করা হয়। বোমা হামলার ঠিক এক সপ্তাহ পর এই মামলাটি করা হল, এই এক সপ্তাহে বোস্টনের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে।