দামেস্কের অভিযানে ৫শ’ লোক নিহত হওয়ার আশঙ্কা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২১:২০
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত রক্ষীবাহিনী এবং সেনাবাহিনীর প্রায় সপ্তাহব্যাপী হামলায় রাজধানী দামেস্কে অন্তত ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরো ৪শ’ মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। পাঁচদিন টানা লড়াইয়ের পর দামেস্কের জেদেইদেত আল ফাদেল এলাকায় এই অভিযান চালায় সরকারিবাহিনী। এদিকে দেশটির প্রধান বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জর্জ সাবরা। দলটির প্রেসিডেন্ট মোয়াজ আল খতিবের পদত্যাগের পর গতকাল তিনি এ দায়িত্ব নিলেন।
দলটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সাবরা ভারপ্রাপ্ত হিসাবে অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে কাজ করে যাবেন। তিনি বামপন্থী দল সিরিয়ান ডেমোক্রেটিক পিপল’স পার্টির একজন সদস্য ছিলেন। বেশিরভাগ সময় বিভিন্ন বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করায় জেল খেটেছেন তিনি। ওদিকে, নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া গেলে সিরিয়ায় দুই বছরের গৃহযুদ্ধে সুন্নি মুসলিম অধ্যুষিত ঐ এলাকাটিতে এটি হবে অন্যতম আরেক রক্তক্ষয়ী সহিংসতা। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।