মুন্সীগঞ্জ জেলা কারাগারে সায়েদ নামে এক হাজতি মারা গেছেন। মঙ্গলবার ভোরে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সায়েদ সদর উপজেলার মুক্তারপুর মালীপাথর এলাকার আইয়ুব আলীর পুত্র। নিহত সায়েদের স্ত্রী মজিদা বেগম অভিযোগ করে বলেন, ‘অসুস্থ অবস্থায় ১৫ দিন আগে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। সকালে শুনি সে মারা গেছে। চিকিত্সার অবহেলায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কারাগারে সায়েদ ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে তাত্ক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান ছিল। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. শৈবাল বসাক জানান, সায়েদের হার্টে সমস্যা ছিল। তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন সন্ধ্যায় জানান, লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।