জন্মহার কমছে সিঙ্গাপুরে

প্রেম-ভালোবাসায় উদ্বুদ্ধ করতে সরকারি অর্থায়ন

রাস্তায় চুমু ছড়িয়ে দেয়া, ভালোবাসার চিহ্ন আঁকা অথবা কাউকে ভালো লাগলে ইশারা করা-এসবও কি শেখার জিনিস? অথচ সেটাই হচ্ছে সিঙ্গাপুরে। কাউকে ভালো লাগলে তার দৃষ্টি আকর্ষণ করে তাকে ভালো লাগার বিষয়টি বোঝানোর কৌশলটা বাঙালি তরুণ-তরুণীরা বোধ হয় ভালোই জানে। কিন্তু সিঙ্গাপুরের তরুণ-তরুণীরা এতে এখনো অভ্যস্ত হতে পারেনি। তাইতো এসব বিষয় শেখাতে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সংস্থা। চলতি এপ্রিল মাস থেকে বেসরকারি উদ্যোগে চালু হওয়া এসব সংস্থাকে অর্থ দিয়ে সাহায্য করছে স্বয়ং সরকার। কারণ দেশটিতে আশংকাজনকহারে কমে যাচ্ছে জন্মহার। সেইসঙ্গে তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে করার আগ্রহও কমে যাচ্ছে। তাই চিন্তিত সরকার ও রাজনীতিবিদরা। কারণ এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সিঙ্গাপুরে স্থানীয়দের সংখ্যা অনেক হ্রাস পাবে। এখনই সেখানে জনসংখ্যার একটি বড় অংশ অভিবাসী। পরিস্থিতির উন্নতি করতে সরকার নানা খাতে এক দশমিক তিন বিলিয়ন ডলার ব্যয় করছে। এর মধ্যে রয়েছে প্রেম শিক্ষা, পরিবার গঠনে দম্পতিদের আর্থিক সহায়তা দেয়া, শিশুস্বাস্থ্য ভর্তুকি দেয়া, শিশু জন্মদানের সময় মা-বাবার বেতনসহ ছুটির মেয়াদ বৃদ্ধি ইত্যাদি।