ফটিকছড়ির ঘটনায় শাস্তি দিয়ে দেখানো হবে সরকার কতটা কঠোর
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৭
স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করে এমন শাস্তি দেয়া হবে যাতে অপরাধীরা মনে রাখতে পারে অপরাধ দমনে সরকার কতটা কঠোর হতে পারে। তারা বুঝতে পারবে বাংলাদেশ সন্ত্রাসীদের অভয়ারণ্য নয়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে শাহিদা তারেক দিপ্তীর এক সম্পুরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত জামায়াত শিবিরের ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের ধরতে সেখানে এখনো অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ওইদিন ফটিকছড়িতে যে মর্মস্পর্শী ঘটনা ঘটেছে তা দেখে সবাই হতবাক হ্য়েছে। ঘটনার পর জামায়াত শিবিরের জড়িত নেতাকর্মীদের ধরতে অভিযান চালানো হয়েছে। আমরা কোনভাবেই অপরাধীদের নিষ্কৃতি দেবো না। সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। অপরাধ নিয়ন্ত্রণে সরকার কতটা কঠোর হতে পারে তা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে প্রমাণ করা হবে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে অতর্কিত হামলা চালিয়ে তিনজনকে হত্যা এবং অনেককে আহত করে সন্ত্রাসীরা । প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।