চট্টগ্রামে হরতাল অর্ধ দিবস
জব্বারের বলী খেলা কাল, শুরু হয়েছে বৈশাখী মেলা
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৯
চট্টগ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতার আসর আবদুল জব্বারের বলী খেলা কাল বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বর্তমান চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অলি বলীসহ শতাধিক কুস্তিগীর ইতিমধ্যেই নাম তালিকাভুক্ত করিয়েছেন। ব্যাপক জনপ্রিয় এ প্রতিযোগিতার গত কয়েকটি আসরে গড়ে ২০০ প্রতিযোগী অংশ নিলেও হরতালের কারণে এবার অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে আয়োজকরা জানান। খেলা উপলক্ষে বুধবার চট্টগ্রামে হরতাল অর্ধদিবসে নামিয়ে আনা হয়েছে বলে নগর বিএনপি সূত্রে জানা গেছে। বলী খেলা উপলক্ষে গতকাল লালদীঘি ময়দান ও আশেপাশের এলাকাজুড়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা এসেছেন নানা ধরনের পণ্য সামগ্রী নিয়ে। কোতোয়ালি মোড়, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোড় ও কেন্দ াড়িপাতিল, পুতুল, ফুলের টব, ফুলদানি, হাতপাখা, প্লাস্টিকের তৈরি খেলনা, বাঁশি ও রান্নাঘরে ব্যবহার্য সামগ্রীর বিপুল সমারোহ ঘটেছে। এছাড়া মুখরোচক মুড়ি, মুড়কি, খৈ, চানাচুর, বাতাসা, নিমকি ও নানাপদের মিষ্টান্ন সামগ্রীও মেলায় পাওয়া যাবে। নারীরা পাবেন সাজগোজের নানা সামগ্রী।
আবদুল জব্বারের কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে নানা ধরনের পণ্য নিয়ে ব্যবসায়ীরা আসেন। এদের বেশিরভাগই অত্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী। মেলার সময়সীমা ৩ দিন হলে এদের মধ্যে অনেকের আসা-যাওয়ার খরচও ঠিকমত উঠে আসে না। এবার তাদের কথা বিবেচনা করে মেলার সময় ৪ দিন করা হয়েছে।
তিনি আরো জানান, শতবছরের ঐতিহ্যবাহী এ কুস্তি প্রতিযোগিতার সাম্প্রতিক কয়েকটি আসরে গড়ে ২০০ বলী (কুস্তিগীর) অংশগ্রহণ করেন। তবে হরতালের কারণে ১০০ বলী নাম তালিকাভুক্ত করিয়েছেন।
মেলায় পসরা সাজিয়ে বসা দোকানদারদের কাছ থেকে টাকা-পয়সা নেয়ার নিয়ম না থাকলেও কয়েকজন দোকানদার জানিয়েছেন, ছাত্রলীগ ও যুবলীগের নাম করে তাদের কাছ থেকে টাকা আদায় করছে কতিপয় যুবক। প্রতি দোকান থেকে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা করে না দেয়া হলে সেসব দোকান তুলে দেয়া হবে বলে হুমকি দিচ্ছে তারা। দোকানদারদের কাছ থেকে টাকা নেয়া প্রসঙ্গে জহর লাল হাজারী বলেন, মেলা কমিটির পক্ষ থেকে কোনো দোকানদারের কাছ থেকেই টাকা-পয়সা নেয়া হয় না। আমরা মাইকে বারবার ঘোষণা দিচ্ছি, কেউ যদি টাকা দাবি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন।