দেরিতে হলেও আল্লাহর প্রতি আস্থা দেখিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, পত্র-পত্রিকার খবর পড়ে জানতে পারলাম যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে এসেছেন। বহুদিন পর পত্রিকা পড়ে আমার খুব ভাল লেগেছে। অনেক দেরি করে হলেও আল্লাহর প্রতি প্রধানমন্ত্রী আস্থা দেখিয়েছেন। গতকাল মঙ্গলবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শেষে কাঠগড়া থেকে নামার সময় তার আইজীবীকে এ কথা বলেন। এর আগে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী পরিতোষ কুমার পালিতকে জেরা শেষ করেন তার আইনজীবী আহসানুল। সালাউদ্দিন কাদের চৌধুরী তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, পরবর্তীতে দেশের ক্ষমতায় কে আসবে তা একমাত্র আল্লাহ জানেন। অনেক দেরি করে হলেও আল্লাহর প্রতি তিনি আস্থা দেখিয়েছেন। আলীমের নেতৃত্বে জয়পুরহাটে শান্তি কমিটি হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বিএনপি নেতা আবদুল আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী একেএম মাহবুবর রহমান। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২-এ দেয়া জবানবন্দিতে তিনি বলেন, জয়পুরহাটের পাঁচবিবিতে আলীমের নেতৃত্বে শান্তি কমিটি গঠিত হয়। একাত্তর সালে জয়পুরহাট মহকুমার ও বগুড়া জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আলীমের নেতৃত্বে পাঁচবিবিতে শান্তি কমিটি গঠিত হয়। শান্তি কমিটির নেতারা বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অবাঙালিদের নিয়ে রাজাকার বাহিনী গঠন করে। তারা এলাকার মুক্তিকামী মানুষকে ধরে পাকবাহিনীর হাতে সোপর্দ করতো। তিনি জানান, তার তিন চাচাকে পাকিস্তানি সেনারা রাজাকারদের সহায়তায় চিহ্নিত করে। তাদের মুক্তির ক্ষেত্রে আলীম বিরোধিতা করেন। তার চাচারা আর ফিরে আসেননি। জবানবন্দি শেষে সাক্ষীকে মাত্র একটি প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক হেনা। পরে জেরার জন্য আজ বুধবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।