কুমিল্লায় বিকাশ এজেন্টের কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক আটক

কুমিল্লায় প্রতারণার মাধ্যমে বিকাশ পরিবেশক মো. শাহজাহানের কোটি টাকা আত্মসাত্কারী সাইফুল ইসলাম (৩০) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে তাকে নিয়ে অভিযান চালিয়ে ২০ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গত শনিবার ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করে।

গত সোমবার সাইফুলকে আদালতে সোপর্দ করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। মঙ্গলবার ডিবি কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার অভিযোগ ও ডিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বাসিন্দা ও বিকাশ পরিবেশক মো. শাহজাহানের প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে কর্মরত ছিল সাইফুল ইসলাম। সে প্রতিদিন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিকাশের ডিএসওদের সাথে টাকা আদান-প্রদান করতো এবং এজেন্টদের মার্কেট তদারকি করতো।