প্রাক-বাজেট আলোচনা
ফ্রিজ আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:২৩
দেশে রেফ্রিজারেটর আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য রয়েছে। আগামী বাজেটে সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৬০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিআরএমএ)। মঙ্গলবার বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব বিআরএমএ’র মহাসচিব লোকমান হোসেন আকাশ।
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনায় সংগঠনটির মহাসচিব লোকমান হোসেন আকাশ বলেন, দেশের রেফ্রিজারেটর শিল্পে নতুন বিনিয়োগ আকৃষ্ট ও রফতানির হার বাড়ানোর লক্ষ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করা প্রয়োজন। অন্যথায় দেশীয় পণ্য হারিয়ে যাবে বলে মনে করেন তিনি। তার মতে এক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়ালে সরকারের রাজস্ব আয় বাড়বে, দেশীয় শিল্প উপকৃত হবে। উল্লেখ্য, দেশে বর্তমানে ফ্রিজের চাহিদা বছরে ১০ লাখ। আর বাংলাদেশের উত্পাদন ক্ষমতা ১৪ লাখ। মোল্ড স্টিল শুধু মোল্ড বানানোর ক্ষেত্রেই ব্যবহূত হয়ে থাকে। এ শিল্পের জন্য আলাদা এইচ. এস কোড চালু করে এর শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেয় বিআরএমএ।
আলোচনায় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (মূসক) মো. আল-আমিন প্রামানিক, সৈয়দ আমিনুল করিম, ফরিদউদ্দিন, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন আর বি গ্রুপের (ওয়ালটন) নির্বাহী পরিচালক এস. এম জাহিদ হাসান। এছাড়াও ইলেক্ট্রনিক্স খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ আলোচনায় অংশগ্রহণ করেন।