কুষ্টিয়া
বৈশাখে কুষ্টিয়ায় নকুল কুমার বিশ্বাস
হুমায়ূন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:৩০
দক্ষিণ আফ্রিকা প্রবাসী তরুণ দানবীর শেখ আরিফুর রহমান’র একমাত্র কন্যা শেখ আরিয়ার ২য় জন্মদিন উপলক্ষে গত রবিবার কুষ্টিয়ার মিরপুর মাতিয়ে গেলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী, সংগীতের অন্যতম অনুষঙ্গ বাদ্যযন্ত্র হারমোনিয়াম জাদুকর নকুল কুমার বিশ্বাস। নকুল কুমার বিশ্বাসের একক সংগীতসন্ধ্যা উপভোগ করতে মিরপুর উপজেলা ছাড়াও আশপাশের কয়েকটি উপজেলার কয়েক হাজার দর্শক মিরপুর পাইলট হাইস্কুল মাঠে উপস্থিত হয়েছিল। কালো রংয়ের পাঞ্জাবী পাজামা পরে নকুল কুমার যখন সংগীত পরিবেশন করতে উপজেলার ঐতিহাসিক প্যারী সুন্দরী মুক্ত মঞ্চে উঠে আসেন তখন সেখানে উপস্থিত কয়েক হাজার নকুল ভক্ত গগন বিদারী করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তবে নকুল গান শুরুর কিছুক্ষণ পরই টিপটিপ বৃষ্টি শুরু হলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে। নকুল কুমার বিশ্বাস ছাড়াও নকুলের সহকারী ওয়াহিদ সুজাত,কুষ্টিয়ার তৃষা, মিরপুরের আসাদুজ্জামান মিঠু,বাদশা আলমগীর,আতিয়ার রহমান ও শাহীন গান পরিবেশন করেন। নকুল কুমারের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠানটির উপস্থাপনা করেন দৈনিক ইত্তেফাকে মিরপুর উপজেলা সংবাদদাতা হুমায়ূন কবির হিমু।