সিরাজগঞ্জ
লাল সবুজ ক্লাবের বর্ষবরণ
দীপক কুমার কর, রায়গঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:৩২
রবি ঠাকুরের নববর্ষ বরণের বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ এসো এসো...’ এর বিমুগ্ধ সুর মুর্ছনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো স্থানীয় লাল সবুজ একতা ক্লাবের নববর্ষ বরণ অনুষ্ঠান। ধানগড়া মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় অংশ গ্রহণ করেন মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ স্থানীয় সুরবিতান সংগীত একাডেমী ও সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা। সুরবিতান সভাপতি হাসানুজ্জামান সুলতানের উপস্থাপনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওস্তাদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন মিষ্টন কুমার তাম্বুলী, মাধব চন্দ্র রায় ও সৌরভ কুমার দত্ত। ক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা আকছারুল আলম খোকন, আব্দুল্লাহ আল পাঠান, ফিরোজ মাহমুদ তালুকদার, পৌর কমিশনার জাহিদ মাহমুদ উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্লাবের সেক্রেটারি সুজন মাহমুদ। বর্ষবরণ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ছিল বনভোজনের আয়োজন। আমন্ত্রিত অতিথিদের ভূড়িভোজে আপ্যায়ন করা হয়।