বিপাকে মোনা সিং

২০১২-এর জানুয়ারিতে শুরু হয়েছিল ‘ক্যায়া হুয়া তেরি ওয়াদা’ সিরিয়ালটি। আর এই সিরিয়ালের প্রধান নারী চরিত্র মোনার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে পাঁচ বছর বিরতির পর ছোট পর্দায় দর্শকদের সামনে ফিরে এসেছিলেন ‘জেসি য্যায়সি কোই নেহি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং। ২০০৩-এ শুরু হওয়া জনপ্রিয় টিভি সিরিয়ালটি একটানা চার বছর ধরে চলেছিল সনি টিভি চ্যানেলে। সনি টিভির ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখা লা জা’য় সেলিব্রেটি প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মোনা সিং। বলিউডের ব্লক বাস্টার মুভি ‘থ্রি ইডিয়টস’-এ একটি ছোট্ট রোলে অভিনয় করে বড় পর্দায়ও মোটামুটি ভালো আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। মোনাকে দীর্ঘদিন পর আবার টিভি সিরিয়ালে অভিনয়ে ফিরিয়ে আনার ব্যাপারে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন ‘ক্যায়া হুয়া তেরি ওয়াদা’ সিরিয়ালের প্রযোজক একতা কাপুর। মোনা শুরুতে অভিনয়ে ফিরতে অনীহা দেখালেও একতা কাপুর আঠার মতো লেগেছিলেন রাজি করাতে। এক পর্যায়ে মোনা সিং রাজি হয়ে যান অভিনয়ে। ফ্যামিলি ড্রামা ধাঁচের সিরিয়াল ‘ক্যায়া হুয়া তেরি ওয়াদা’র মূল কেন্দ্রবিন্দুতে শুরু থেকেই রয়েছে মোনা চরিত্রটি। স্বামী প্রদীপের সঙ্গে মধুর দাম্পত্য জীবন, এক পর্যায়ে স্বামীর পরকীয়ায় জড়ানো, তারপর মোনা ও সন্তানদের ফেলে স্বামীর চলে যাওয়া এবং পুরো সংসারের হাল ধরার পর মোনার সংগ্রাম দর্শকদের আবিষ্ট করেছে। পরনারীতে আসক্ত হয়ে স্ত্রী ও সন্তানদের পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে যাওয়া পুরুষদের অমানবিক চরিত্রের বিষয়টি তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে। দর্শকদের আরও বেশি মনোযোগী করতে কিছুদিন আগে গল্পের পটভূমি ১০ বছর এগিয়ে নতুন বেশকিছু চরিত্রের সন্নিবেশ ঘটানো হয়েছে ‘ক্যায়া হুয়া তেরি ওয়াদা’ সিরিয়ালে। যেকারণে মোনা সিং অভিনীত চরিত্রের বয়সও বেড়েছে এখানে। বড় বড় ছেলেমেয়ের মা হিসেবে পর্দায় আবির্ভূত হয়েছেন তিনি। এভাবেই চলছিল সিরিয়ালটি। কিন্তু হঠাত্ করে মোনা সিংয়ের বেশ কিছু আপত্তিকর ভঙ্গির এমএমএস ভিডিও ক্লিপ প্রকাশ পাওয়ায় দারুণ তোলপাড় শুরু হয়েছে। ভিডিও ক্লিপের ছবিগুলো বেশ কয়েক বছর আগের বলে ধরা যায়। তবে মোনা জোর গলায় আপত্তিকর পোজের ছবিগুলো তার নয় বলে দাবি করলেও কারও কারও অভিমত এমএমএস ভিডিও ক্লিপের ছবিগুলো আসলেই মোনা সিংয়ের। ছোট পর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। বিপুল জনপ্রিয়তা রয়েছে তার। শো-বিজে তার ক্লিন ইমেজ থাকলেও এ ধরনের ভিডিও ক্লিপস ফাঁস হয়ে যাওয়ায় দারুণ বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন মোনা। এখন সনি টিভিতে যে সিরিয়ালটিতে তিনি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের মায়ের চরিত্রে রূপদান করছেন। এমন অবস্থায় মোনার আপত্তিকর ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ায় তার পর্দা ইমেজও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সবাই তার প্রতি সহানুভূতি জানিয়েছেন কিন্তু ‘ক্যায়া হুয়া তেরি ওয়াদা’ সিরিয়ালে মায়ের ভূমিকায় অভিনয় করতে গিয়ে এক ধরনের সংকোচবোধ মোনা সিংকে তাড়িয়ে ফিরছে। ওদিকে প্রযোজক একতা কাপুর উপলব্ধি করছেন মোনার ভিডিও ক্লিপসগুলোর কারণে অনেক নারী দর্শক কমে গেছে সিরিয়ালটির। আগামীতে আরও কমবে জনপ্রিয়তা। তাই আগেভাগেই ‘ক্যায়া হুয়া তেরি ওয়াদা’ সিরিয়ালটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক একতা কাপুর। এই সিরিয়ালে মোনা সিংয়ের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌলি গাঙ্গুলি, হিতেন তেজওয়ানি, সারগুন মেহতা, মোহিত মালহোত্রা, নীলম সিভিয়া, সিদ্ধি কারওয়া, যতিন মেহতা, অপরা মেহতা প্রমুখ। সনি টিভি চ্যানেলে ‘ক্যায়া হুয়া তেরি ওয়াদা’ সিরিয়ালটি প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টায় দেখানো হচ্ছে। আগামী মে মাসের শেষ দিকে সিরিয়ালটি শেষ হলে একই স্লটে শুরু হবে ঐতিহাসিক ঘটনানির্ভর নতুন সিরিয়াল ‘মহারানা প্রতাপ’। প্রচারিতব্য নতুন সিরিয়ালটির প্রচারণামূলক বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে এখন টিভি পর্দায়।