পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত অঞ্চলের একটি তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি বুধবার এ খবর জানিয়েছে। বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার হাজারা শহরে ওই আত্মঘাতী হামলাকারী তার গাড়িটি নিয়ে যেতে চেয়েছিল বলে সিটি পুলিশ প্রধান জুবায়ের মাহমুদ জানিয়েছেন। ওই অঞ্চলে প্রায়ই শিয়া মুসলিমদের ওপর সুন্নি মুসলিমরা হামলা চালিয়ে থাকে। এতে সামপ্রতিক সময়ে অনেক শিয়া মুসলিম নিহত হয়েছেন। জুবায়ের মাহমুদ বলেন, আধাসামরিক বাহিনী পরিচালিত ওই তল্লাশি চৌকির কাছে গাড়িটি থামানোর চেষ্টা হলে আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আবদুল মানসুর নিশ্চিত করেন, একজন সেনাসহ ৬ জন ব্যক্তি হামলায় নিহত হয়েছেন। তিনি বলেন, আমরা বিভিন্ন হাসপাতাল থেকে এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করেছি এবং তাতে দেখা যাচ্ছে নিহতের সংখ্যা ৬। তিনি আরো জানান, এ ঘটনায় ২ সেনাসহ ৩৭ জন আহত হয়েছেন।