ইরাকে সুন্নি বিক্ষোভকারী ও
সেনা সংঘর্ষে নিহত ২৩
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২০:৫৯
ইরাকের উত্তরাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভে সুন্নি আরব বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিরকুকের কাছে হাওয়িজায় সরকার বিরোধী বিক্ষোভ শিবিরে নিরাপত্তা বাহিনী মঙ্গলবার তল্লাশি চালালে সহিংসতা শুরু হয়। -খবর রয়টার্সের।
সংঘর্ষে ২০ বন্দুকধারী এবং তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তিনটি সামরিক সূত্রে নিহতের সংখ্যা ২৬ উল্লেখ করে বলা হয়েছে, এদের ২০ জন বিক্ষোভকারী এবং ৬ জন সেনা সদস্য। গতবছরের শেষদিক থেকে প্রতি সপ্তাহেই ইরাক জুড়ে শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে। সমপ্রতি ইরাকে প্রাদেশিক নির্বাচনের ফল প্রকাশের আগে দিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটল।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেনারা বিক্ষোভ শিবির থেকে বন্দুকধারীদের হামলার শিকার হয়ে পাল্টা ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা বলছে, তারা নিরস্ত্র হয়ে অবৃস্থান ধর্মঘট করার সময় সেনারা তাদের ওপর গুলি চালায়।