চীনের জিনজিয়াংয়ে সংঘর্ষে নিহত ২১

চীনের জিনজিয়াং প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ ও সরকারি কর্মকর্তা রয়েছে। স্থানীয় সরকারের সূত্র থেকে এ খবর জানানো হয়। জিনজিয়াং প্রদেশের সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ওইদিন বিকালে কাশগরের বাচু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা যখন অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন বাড়িতে তল্লাশি অভিযান চালায় তখন দুষ্কৃতকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে ছয় দুষ্কৃতকারী নিহত হয়। বিবৃতিতে আরো বলা হয়, কমিউনিটি কর্মীরা ওই প্রদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন চক্রকে ধরতে গেলে তাদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। অভিযানকালে চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত সামপ্রতিক বছরগুলোতে জিনজিয়াংয়ে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। সেখানকার মুসলিম উইগুর ও হ্যান চাইনিজ সমপ্রদায়ের সঙ্গে বিবাদ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় ওই প্রদেশে জাতিগত বিবাদ লেগেই আছে। সর্বশেষ পুলিশ ওই এলাকায় অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করতে গেলে তারা পুলিশের ওপর মারমুখী হয়ে ওঠে।