মিরসরাইয়ের প্রাইমারি স্কুলের ছাদে ফাটল
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৫
মিরসরাই উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২ রুমের ছাদে ফাটল দেখা দিয়েছে। শিক্ষকরা বাধ্য হয়ে কোমলমতি শিশুদের খোলা আকাশের নিচে রোদের মধ্যে বসিয়ে ক্লাস নিচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, এ ফাটল সৃষ্টি হয়েছে এখন থেকে ৫ বছর পূর্বে। তারা বিভিন্ন মহলে এ সংকট সুরাহার আবেদন করলেও কোনো সুফল মেলেনি। প্রধান শিক্ষক বলেন, এ বিদ্যালয় নির্মাণ করার পর থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি অনুদান আসেনি। স্কুলের এ দৈন্যদশার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের এখান থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন।
মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুন উর রশীদ বলেন, শিশু শ্রেণিসহ ১ম, ২য় ও ৫ম শ্রেণির ক্লাস একসাথে হওয়ায় সমস্যা সৃষ্টি হতে পারে। তবে ভবনের বাইরে ক্লাস নেয়া উচিত নয় বলে মন্তব্য করেন।