দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত ২০
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে কালু বিশ্বাস ও নজরুল বিশ্বাস গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহিষকুণ্ডি বিশ্বাসপাড়া গ্রামের নজরুল বিশ্বাসের বাড়ি সংলগ্ন নিজ জমিতে কালু বিশ্বাস বাড়ি তৈরির জন্য প্রস্তুতি নিলে নজরুল বিশ্বাস ও তার লোকজন বাধা প্রদান করলে দু-গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার জের ধরে নজরুল বিশ্বাসের লোকজন মঙ্গলবার রাত ১২টার দিকে হাতকুড়াল, হাঁসুয়াসহ ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে কালু বিশ্বাসের বাড়িতে অতর্কিত হামলা করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয় গ্রুপের কালু বিশ্বাস (৫৭) জামাল (২২) জালাল (২০) নিয়ামূল (২৫) ইমন (১৬) রফিকুল (৩০) সুমন বিশ্বাস (২৫) হালিমা খাতুন (৪০) সাদেক বিশ্বাস (৪৮) সালেহা খাতুন (৩৮) সাদ্দাম (১৬) সজল (১৫) নজরুল বিশ্বাস (৫৫) আশরাফুলসহ (৩৪) ২০ আহত হয়।
আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে চিকিত্সাধীন আছে। এদের মধ্যে নিয়ামূল, রফিকুল, কালু বিশ্বাস ও হালিমার অবস্থা আশংকাজনক। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, এ ব্যাপারে উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।