সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর হত্যা রহস্য ১৮ দিনেও উদঘাটিত হয়নি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৭
ঢাকার শনির আখড়ার ব্যবসায়ী মোহাম্মদ আলী হত্যার রহস্য ১৮দিন অতিবাহিত হওয়ার পরও সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ উদঘাটন করতে পারেনি।
গত ৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে খুন হওয়া মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ উদ্ধার করে। এ খুনের রহস্য উদঘাটিত না হওয়ায় নিহতের আত্মীয়-স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে।
জানা যায়, ঢাকা শনির আখড়া ফ্রেন্ডস সুপার মার্কেট এলাকার ডেভেলপার ব্যবসায়ী মোহাম্মদ আলী গত ৪ এপ্রিল নিখোঁজ হয়। এর দুইদিন পর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে পুলিশ মোহাম্মদ আলীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। মোহাম্মদ আলী খুনের ঘটনায় তার স্ত্রীর বড় ভাই মতিউর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানায়, খুনের রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। খুব শিঘ্রই আসামিদের গ্রেফতার করা হবে।