সুন্দরগঞ্জে দপ্তরি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত তিন

উপজেলার ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগকে কেন্দ্র করে সভাপতিসহ ৩ জন আহত হয়েছেন। জানা গেছে, সরকারিভাবে উপজেলায় ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের অনুমোদন পায়। এরই অংশ হিসেবে ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ৮ জন প্রার্থী আবেদন করেন। এদিকে প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজশে সভাপতিকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। গত সোমবার নিয়োগপ্রাপ্ত নয়ন মিয়াকে যোগদান করে নেয়ার জন্য প্রধান শিক্ষক সুকৌশলে কাগজপত্রে সভাপতির স্বাক্ষর নেন। পরের দিন মঙ্গলবার সভাপতি বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষকের নিকট স্বাক্ষরকৃত কাগজপত্র ফেরত চাইলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রধান শিক্ষকের লোকজন সভাপতিসহ তার ২ পুত্রকে মারপিট করে। এতে সভাপতি মোহাম্মদ আলীসহ তার দুইপুত্র আহত হয়।