বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ভাঙন দেখা দেওয়ায় ছোট হয়ে আসছে জোটের পরিধি। সোমবার এই জোটের শরিক আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জোট থেকে বেরিয়ে যাওয়ার পর গতকাল বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আল্টিমেটাম দিয়েছেন। আগামী ২৩ মের মধ্যে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট না ছাড়লে ২৪ মে ২০ দলীয় জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। ইরান বলেন, বিএনপি সংসদে গিয়ে জনগণ এবং জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জোট ও ফ্রন্টের সিদ্ধান্ত ছিল সংসদে না যাওয়া। এটা করে তারা সঠিক কাজ করেনি। একদিকে নির্বাচন প্রত্যাখ্যান করবো আরেক দিকে সংসদে যাব তাহলে তো এই সংসদকে বৈধতা দেওয়া হয়। তাহলে নতুন নির্বাচনের দাবি থাকে কোথায়? আমরা নতুন নির্বাচন চাই, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি বলেন, শুধু আমার দল নয়, আমি যদি ২০ দলীয় জোটে না থাকি তাহলে আরো অন্তত ৪ থেকে ৫টি দল এই জোট থেকে বেরিয়ে যাবে।
ইরান গতকাল সাংবাদিকদের আরো বলেন, ২৩ মে পর্যন্ত ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য বিএনপিকে আল্টিমেটাম দিয়েছি। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের একটা মিশন নিয়ে ঐক্যফ্রন্টে এসেছেন। ঐক্যফ্রন্ট তার লক্ষ্য-উদ্দেশ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। এ কারণে বিএনপিকে ঐক্যফ্রন্ট ছাড়তে হবে।
এদিকে বিএনপির সঙ্গে টানাপড়েনে ২০ দলীয় জোট ছাড়তে পারে বাংলাদেশ কল্যাণ পার্টি। পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমও চান ঐক্যফ্রন্ট ত্যাগ করুক বিএনপি।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ এপ্রিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা চারদলীয় জোটের কলেবর বেড়ে ১৮ দলীয় জোট হয়। বিএনপি ছাড়া সে সময় জোটের বাকি শরিকরা ছিল জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ। পরে পর্যায়ক্রমে জাতীয় পার্টি (কাজী জাফর) ও সাম্যবাদী দলের একাংশ এই জোটে যোগ দিলে তা ২০ দলীয় জোটে পরিণত হয়। গত বছর ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলীয় জোট ত্যাগ করে। তারপর লেবার পার্টির একাংশ, ন্যাপের একাংশ ও সর্বশেষ বিজেপি ২০ দলীয় জোট ত্যাগ করেছে।