কক্সবাজারে চার
জলদস্যু আটক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২০
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতি করে লুণ্ঠিত মাছ বিক্রি করতে কক্সবাজার শহরের ফিশারীঘাট মত্স্য অবতরণ কেন্দে এসে ধরা পড়েছে ৪ জলদস্যু। স্থানীয় জেলে ও মত্স্য ব্যবসায়ীরা মঙ্গলবার তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদেরকে জলদস্যুতা মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আটক জলদস্যুরা হলেন: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের আব্দুর রশিদের ছেলে সৈয়দ আকবর (৩৫), শহরের কুতুবদিয়া পাড়ার আব্দুস শুক্করের ছেলে মোহাম্মদ দেলোয়ার (৩২), নাজিরারটেক এলাকার মাহমুদুল হকের ছেলে হেলাল প্রকাশ খালেক (৩০) ও মহেশখালীর সোনাদিয়া এলাকার কালা মিয়ার ছেলে নবী হোসেন (৪০)। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, সোমবার রাতে বঙ্গোপসাগরে নুনিয়াচড়ার একটি ফিশিং ট্রলার ডাকাতির শিকার হয়। ডাকাতরা ইঞ্জিন মাছসহ সর্বস্ব লুট করে। লুণ্ঠিত মাছ বিক্রি করার জন্য ৫ জলদস্যু মঙ্গলবার শহরের ফিশারীঘাট মত্স্য অবতরণ কেন্দে এলে জেলেরা তাদের সনাক্ত করে। একপর্যায়ে স্থানীয় জেলে ও মত্স্য ব্যবসায়ীরা সংগঠিত হয়ে জলদস্যুদের ঘেরাও করে। এসময় দুর্ধর্ষ এক জলদস্যু পালিয়ে যেতে সক্ষম হলেও অপর চারজনকে ধরে কক্সবাজার সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন জানান, জলদস্যু সন্দেহে আটক চারজনকে সাগরে ট্রলার ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।