বানারীপাড়ায় অপহূতা স্কুলছাত্রী সাড়ে তিন মাসেও উদ্ধার হয়নি
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২২
বানারীপাড়ায় অপহূত স্কুল ছাত্রী আফরোজাকে সাড়ে তিন মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের রিকশাচালক নুরুল হকের মেয়ে ও স্থানীয় ঘাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আফরোজাকে বাড়িতে একা পেয়ে গত ১০ জানুয়ারি দুপুরে নরোত্তমপুর গ্রামের হাবিব, গোয়াইলবাড়ি গ্রামের ঠিকাদার জাহাঙ্গির ও চৌয়ারীপাড়া গ্রামের রাজু অপহরণ করে নিয়ে যায়।
১০ ফেব্রুয়ারি অপহরণকারী জাহাঙ্গির মুঠোফোনে আফরোজার মাকে জানায়, তার মেয়েকে হাবিব তার কাছে রেখে গেছে সে যেন বরিশালের রুপাতলী এসে তার মেয়েকে নিয়ে যায়। ওই দিন তারা রুপাতলী গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও আফরোজা ও জাহাঙ্গিরকে খুঁজে পায়নি।
এ ঘটনায় অপহূতার মা ফরিদা ১৯ ফেব্রুয়ারি বানারীপাড়া থানায় ওই তিনজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ আসামি জাহাঙ্গিরকে গ্রেফতার করলে গত মঙ্গলবার সে জামিনে বের হয়ে আসে।
মামলার বাদী অভিযোগ করেন আসামিরা মামলা তুলে নেয়ার জন্য তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মেয়েকে উদ্ধারে অসহায় এ পরিবারটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।