যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ রাষ্ট্রদূতের শোক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২২:৪১
সাভারে বুধবার সকালে ভেঙ্গে পড়া উঁচু ভবন রানা প্লাজার অসংখ্য মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা এক শোক বার্তায় বলেন, রানা প্লাজা অট্টালিকার চাপায় যারা প্রাণ হারিয়েছেন—তাদের জন্য বাংলাদেশের মানুষের সঙ্গে শোক প্রকাশ করছি। তিনি এই শোকাবহ ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যারা এই উদ্ধার তত্পরতায় নিঃস্বার্থভাবে ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ে থাকা শত শত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন তাদের প্রতি সাধুবাদ জানান। হতাহতদের চিকিত্সায় নিবেদিত স্বাস্থ্যকর্মীদেরও রাষ্ট্রদূত মজীনা সাধুবাদ জানান। তিনি যুক্তরাষ্ট্র দূতাবাসের সবার পক্ষে ভুক্তভোগীদের তাদের পরিবার ও জনগণের জন্য গভীর সহানুভূতি জানান।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এক পৃথক বিবৃতিতে সাভারে বহুতল রানা প্লাজা ভবন ধসের ঘটনায় অসংখ্য মানুষ নিহত ও আহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, এমন মর্মান্তিক সময়ে ক্ষতিগ্রস্তদের পরিবার ও স্বজনদের সংকট কাটিয়ে উঠতে প্রার্থনা করি।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত আটটি দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একযোগে সাভারে ভবন ধসের ঘটনায় অসংখ্য মানুষ হতাহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
জাপানী রাষ্ট্রদূতের সমবেদনা
জাপানের রাষ্ট্রদূত শিরো সাফোসিমা এক পৃথক শোক বিবৃতিতে সাভারে রানা প্লাজা ভবন ধস ও এতে অসংখ্য হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। জাপানের জনগণ ও সরকারের পক্ষে তিনি শোক বার্তায় আশা ব্যক্ত করেন যে, চলমান উদ্ধার অভিযানে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব হবে।