চট্টগ্রামে হেফাজত কর্মীদের ওপর যুবলীগের হামলা

নগরীর লালখান বাজার বাঘঘোনা এলাকায় বুধবার রাতে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর যুবলীগের সশস্ত্র কর্মীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় হেফাজতের অন্তত ১০জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ইত্তেফাককে জানান, রাত ৮টার দিকে মাসুমের নেতৃত্বাধীন যুবলীগের একদল কর্মী লালখান বাজার বাঘঘোনা এলাকায় হেফাজত কর্মীদের বহনকারী মাইক্রোবাসের ওপর হামলা চালায়। এসময় হেফাজত কর্মীরা শুক্রবার শানে রেসালত সম্মেলনের জন্য এলাকায় মাইকিং করছিলেন। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এবং মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় হেফাজতে ইসলামের কর্মী লালখান বাজার মাদরাসার অন্তত ১০ ছাত্র গুরুতর আহত হয় বলে তিনি দাবি করেন। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।