আজ জাতীয় শোক ঘোষণা

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকলেও হরতালে কাজের ব্যাপক ক্ষতি হওয়ায় কোন ছুটির ঘোষণা দেয়া হয়নি। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাভার ট্রাজেডির ঘটনার নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। ভবনের ভেতর আটকে পড়া শ্রমিকদের বাঁচাতে সর্বাত্মক উদ্ধার অভিযান চালিয়ে যাবার এবং আহতদের যথাযথ চিকিত্সা নিশ্চিত করার জন্য সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের এ ঘটনার জন্য দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতীয় শোক ঘোষণা করেন। এছাড়া জাতীয় সংসদে এ ঘটনায় শোক জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার গভীর শোক প্রকাশ করেন। অপরদিকে সাভার ট্রাজেডির ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি-সাধারণ সম্পাদক। মর্মান্তিক এ ঘটনায় বৃহস্পতিবার শোক দিবস পালনের ঘোষণা দিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছি। মন্ত্রিসভার বৈঠকে পরে তা অনুমোদন করিয়ে নেয়া হবে। শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকলেও হরতালে কাজের ব্যাপক ক্ষতি হওয়ায় এদিন ছুটি থাকবে না। এরপর প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলকে সাভারের ঘটনায় হরতাল প্রত্যাহার করায় ধন্যবাদ জানিয়েছেন। জাতীয় সংসদে এক বিবৃতিতে তিনি উদ্ধার কাজে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে জানিয়ে বলেন, আহতদের সব ধরনের চিকিত্সা সহায়তা দেবে সরকার। এছাড়া দুর্ঘটনায় নিহতদের লাশ স্বজনদের কাছে পৌঁছানোরও ব্যবস্থা নেবে সরকার। এদিকে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার কাজে নেমেছে। সাভারের সর্বস্তরের জনগণসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা উদ্ধার কাজে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং ও হাসিনা দৌলা সেখানে সার্বক্ষণিক খোঁজ-খবর করছেন। ঢাকা থেকে সব ধরনের সহায়তা পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আহতদের জন্য যে ধরনের চিকিত্সা প্রয়োজন তার সব কিছুই করবে সরকার। নিহতদের স্বজনদের কাছে লাশ পৌঁছে দেয়া হবে। এছাড়া যারা আটকে পড়েছেন যত দ্রুত সম্ভব তাদের উদ্ধারের চেষ্টা করা হবে। ইতিমধ্যে ভবনের ভেতর আটকে পড়াদের জন্য অক্সিজেন ও পানি সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। ভবনের দুটি পিলারে ফাটল দেখা দিলে শ্রমিকদের বের করে দেয়া হয়েছিলো। তবে ভবনটিতে অনেক দোকান থাকায় লোকজন মালামাল উদ্ধারের জন্য গিয়েছিলেন। ফলে ভবন ধসের সময় সেখানে অনেক লোক ছিলেন। আমরা আশাবাদী, সবাইকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। ভবন ধসের ঘটনার পর বিরোধী দল হরতাল প্রত্যাহার করায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হরতালের কারণে ঢাকা থেকে সাভারে প্রয়োজনীয় সহায়তা পাঠাতে অসুবিধা হচ্ছিল। হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানাই। এদিকে সাভারে বহুতল ভবন ধসে হতাহতের ঘটনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার দেয়া এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করে অনুরূপ বিবৃতি দিয়েছেন চীফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ। সাভারে ভবন ধসের ঘটনায় জামায়াতের শোক সাভারে বহুতল ভবন ধসে মানুষের মর্মান্তিক মৃত্যু ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে জামায়াত। গতকাল বুধবার দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন। সাভারে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। ভবন ধসে পড়ে এখনো যারা ভবনের মধ্যে আটকা পড়ে আছেন তাদের দ্রুত উদ্ধার করা এবং আহতদের সুচিকিত্সায় জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্?বান জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্?বান জানান তিনি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি প্রদান এবং এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্?বান জানান দলটির ভারপ্রাপ্ত প্রধান। আজ বিএনপি শোক দিবস পালন করবে ঢাকা জেলার সাভারস্থ বাসস্ট্যান্ডের নিকট অবস্থিত রানা প্ল¬াজার ৮ তলা ভবন ধসে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে আজ সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বাদ আছর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে। জেপি’র শোক ও দুঃখ প্রকাশ সাভারে ভবন ধসের ঘটনায় প্রায় শতাধিক লোক নিহত ও ছয় শতাধিক লোকের আহত হওয়ার ঘটনায় জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় উদ্ধার তত্পরতা আরো জোরদার করার পাশাপাশি এ ঘটনায় আহতদের দ্রুত চিকিত্সা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় ভবন ধসের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বিবৃতিতে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানেরও জোর দাবি জানানো হয়েছে। স্বেচ্ছায় রক্তদানের আহ্বান খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের সাভারে ভবন ধসের ঘটনায় আহতদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করার জন্য অনুরোধ করেছেন। এছাড়া খালেদা জিয়া ঘটনার পরপরই উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন এবং হরতাল প্রত্যাহারের কথা জানান। এদিকে খালেদা জিয়ার নির্দেশে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আহতদের জন্য স্বেচ্ছায় রক্তগ্রহণ শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সেখানে নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন। এর আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি বহুতল ভবন ধসে হতাহতের ঘটনায়ও গভীর শোক প্রকাশ করেন খালেদা জিয়া। সাভারের ভবন ধসে আহতদের উদ্ধারে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্নেল হাবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সার্চ লাইট ও হেভি যন্ত্রপাতি নিয়ে অংশ নিয়েছে। বিভিন্ন সংগঠন এদিকে সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনসূমহ হচ্ছে এফবিসিসিআই, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিজিএমইএ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ জাতীয় সংসদ, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যুব মৈত্রী, ওয়ার্কার্স পার্টি, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি, গণফোরাম, গণমুক্তির গানের দল, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, কর্মজীবী নারী, বাংলাদেশ জাতীয় পার্টি, জাসদ, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ছাত্র ইউনিয়ন, সিপিবি, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু পরিষদ, গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন, বাংলাদেশ কৃষক লীগ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, ছাত্রলীগ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ঐক্য পরিষদ, জাকের পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন, জাতীয় শ্রমিক জোট, ইসলামী ব্যাংক হসপিটাল, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, রাহমানিয়া জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্স, খেলাফত মজলিশ, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাক্টিশনার্স এসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, জাতীয় গণজাগরণ মঞ্চ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ লেবার ফেডারেশন, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, নতুনধারা বাংলাদেশ প্রভৃতি।