মালিকের বিচার দাবি করল বিএনপি

সাভার বাজারে বহুতল ভবন ধসে বহু হতাহতের ঘটনার পর বিএনপি ওই ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে এ ঘটনার জন্য দায়ী করে তার বিচার দাবি করেছে। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এ দাবি জানান। দুপুরের পর হরতাল প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি। এমকে আনোয়ার বলেন, সাভারের ভবন ধসের ঘটনায় আমরা শোকাহত। সে কারণে আমরা হরতাল প্রত্যাহার করছি। তিনি আরো বলেন, এ ভবনের মালিক একজন যুবলীগ নেতা। তিনি অনুমোদনহীনভাবে সরকারি জমি দখল করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবনটি নির্মাণ করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় দায়ীদের বিচার ও আহতদের সুচিকিত্সার দাবি করছি। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, কৃষিবিদ শামিমুর রহমান শামিম প্রমু্খ।