অনুমোদনের তথ্য চেয়ে মেয়রকে মন্ত্রণালয়ের চিঠি

সাভার পৌরসভার অধীন ধসে পড়া ‘রানা প্লাজার’ বহুতল ভবন নির্মাণে সাভার পৌরসভার অনুমতি দেয়ার কর্তৃত্ব আছে কী না তা জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল এ ভবন ধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং অসংখ্য মানুষ আহত হয়। এ ঘটনার পর মন্ত্রণালয় থেকে উপসচিব (পৌর) রেহানা ইয়াছমিন স্বাক্ষরিক এক চিঠিতে এ কথা জানাতে সাভার পৌরসভার মেয়রকে নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে সাভার পৌরসভার এ ভবন অনুমোদন দেয়ার এখতিয়ার আছে কী না, অনুমোদন দেয়ার ক্ষেত্রে বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কী না, মোট কত তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়, ভবনটি নির্মাণে অনুমোদন প্রক্রিয়ায় কারা সংশ্লিষ্ট ছিলেন তার বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২ টার মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে। জবাবপত্র বিশেষ বাহক বা ফ্যাক্স বার্তায় পাঠাতে বলা হয়েছে।