ভবন ধসের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনাটি সরকারিভাবে তদন্ত করা হবে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বুধবার সাভারে ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে একথা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যারা জনজীবন বিপন্ন করে ইমারত নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা তদন্তে কমিটি করা হবে। তাছাড়া উদ্ধার কাজ ও আহতদের চিকিত্সার খরচ সরকারি কোষাগার থেকে বহন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যারা ইমারত নির্মাণ করেননি, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার ভবনের ফাটল দেখে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানালে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের কোন দুর্বলতা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভবনটি অনুমোদিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্ধার তত্পরতা শেষে সব বিষয় খতিয়ে দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার, পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের উদ্ধার তত্পরতার তদারকি করেন। পরে উদ্ধার তত্পরতায় অংশ নেয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।