কাহালুতে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার প্রধান শিক্ষক নিহত

বগুড়ার কাহালুতে গতকাল বুধবার দুইপক্ষের সংঘর্ষে রুহুল আমিন (৫৫) নামের এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক নিহত হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামের একটি পুকুরের মালিকানা নিয়ে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ওই গ্রামের সান্তাপুকুর নামের একটি পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবত্ গ্রামবাসীর সাথে স্থানীয় সাবেক মেম্বারের দ্বন্দ্ব চলছিল। গতকাল এই দ্বন্দ্বের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে রুহুল আমিন মাথায় আঘাত পান। তাকে হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কাহালু থানার পুলিশ মোকাব্বর নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতাল থেকে গ্রেফতার করেছে।