পীরগাছায় পুলিশ হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২২:৪৪
রংপুরের পীরগাছায় জামায়াত-শিবিরের হরতাল চলাকালীন সহিংসতায় পুলিশকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জামায়াত নেতা শাহাজাহান আলীকে গতকাল বুধবার গ্রেফতার করা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীরা পুলিশ সদস্য মোজাহার আলীকে রেল স্টেশন এলাকায় পিটিয়ে গুরুতর আহত করে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটে। এমতাবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ৬ মার্চ চিকিত্সাধীন অবস্থায় মারা যান মোজাহার আলী।
এ ঘটনায় পীরগাছা থানায় ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২শ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর শাহাজাহান আলী ওই মামলার এজাহারভুক্ত ৩ নং আসামি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে রংপুর শহর থেকে গ্রেফতার করে।