ক বি তা
পুনর্বার প্রেমে পড়ি যদি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ১৮:২১
পুনর্বার প্রেমে পড়ি যদি, তবে যেন সে তোমারই প্রেমে
আবার জন্মাই যদি তবে তোমাকেই চাই ফ্রেমে
তোমার প্রণয়ে পড়বার পরে প্রেমিক-রাশির এই ধনু
জট-জটিলতা শিখেছে, জেনেছে তার গরিমা ও গিঁট
কবি কবি ভাব নিয়ে উদাসীন গেয়েছে সংগীত
তোমার মোহন প্রেম পড়ে—পড়েছি প্রেমের রঙধনু
নিঃসঙ্গ নদীর বাঁকে বাঁকে হাবুডুবু লুটোপুটি
অফুরন্ত ধারাবাহিক নাটক ছাড়া দেব আর কী তুলনা
রুদ্ধশ্বাস প্রতি পর্ব, হয় না হয় না শেষ ছুটি
ভাঁজে ভাঁজে তার বিপুল উত্কণ্ঠা, তৃষ্ণা, বাহারি বর্ষণ
তোমার প্রেমেই তবু যেন পড়ি, বাঁচা-মরার প্রশ্ন তুলো না
কোথায় মিলবে এ রকম তীব্র আকর্ষণ
পরক্ষণে ফের খারিজ বাতিল করে দেয়া ধড় আর জান
এক প্রেমে কত স্বাদ বহুল বিস্ময় কত পথ
কত যে রক্তাক্ত হওয়া, পাল তোলা কত অভিমানী জলযান
অধরের বিষ ও মদিরা যুগপত্
চুমো ও চাবুক স্বর্গ-মর্ত একাকার
একবার সর্বহারা, তো ফের সম্রাট নিরাকার
প্রিয়তমা, তুমি একাধারে ওঝা ও সাপিনী রোদ ও যামিনী
যদি কেউ লেখেন জীবনী—
তো কবুল করি, পড়িমরি বারেবার তার প্রণয়ই বাঞ্ছিত
প্রেয়সী, প্রেমের ফাঁদ থেকে কভু কোরো না বঞ্চিত
সূচনায় প্রেম যদি নাও দাও—কেবল পড়তে দিয়ো প্রেমে
নিরন্তর ডুবে যেতে যেতে নেয়ে উঠি যেন ঘেমে...