ব্যাংকের শাখা নিতে ভবন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ

ব্যাংকের কার্যালয়ের স্থান নির্বাচনের আগে ভবনের বিধিবন্ধ অনুমোদনের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকের নিজস্ব প্রকৌশলী দল দিয়ে ওই ভবনের কাঠামোগত সক্ষমতা নিরূপণ এবং দুর্ঘটনা মোকাবেলা করার তাত্ক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা সম্বলিত পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ পরামর্শ দেয়া হয়েছে। দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে ব্যাংকের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্ঘটনা মোকাবেলা করার পূর্বপ্রস্তুতিমূলক সকল ব্যবস্থা গ্রহণের জন্য সময়ে সময়ে ব্যাংকের অভ্যন্তরীণ পরিদর্শন দল (উপযুক্ত বা দক্ষ প্রকৌশলী সমন্বয়ে গঠিত) দিয়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করার কথাও বলা হয়েছে। গত বুধবার সাভারের একটি বহুতল ভবন ধসে গিয়ে শতাধিক প্রাণের অকাল অবসানের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করল। সাভারের ভবন ধসের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া ওই ভবনে একটি ব্যাংকের শাখা ছিল। ব্যাংকের সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে কোন গ্রাহক বা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর কোন তাত্ক্ষণিক ক্ষয়ক্ষতি হয়নি বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।