বাউফল হাসপাতালে চিকিত্সা শুরু

অবহেলিত দক্ষিণ জনপদের বাউফলে প্রসিদ্ধ বাণিজ্য বন্দর কালাইয়াতে নির্মিত ‘সাহেদা গফুর-ইব্রাহিম’ আধুনিক জেনারেল হাসপাতালটিতে মা ও শিশুকে অগ্রাধিকার দিয়ে চিকিত্সা কার্যক্রম শুরু হয়েছে। সমপ্রতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেক্রেটারি জেনারেল মো: সাইফউদ্দিন রোগী ভর্তি ও রোগী দেখা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রধান সমন্বয়কারী ড. মোহাম্মদ আবদুল মজিদ। গত বছর ২২ ডিসেম্বর তিন সদস্যের জাইকা প্রতিনিধি দল কালাইয়াতে এসে হাসপাতালটির নির্মিত ভবন অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন। বাউফল তথা দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০০৭ সালে ২১ মে ৭ বিঘা জমির ওপর ১০০ শয্যা বিশিষ্ট পাঁচতলা এ হাসপাতালটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খান। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এসএম ফিরোজ আলমের ব্যক্তিগত অর্থে ও ডায়াবেটিক সমিতির সহযোগিতায় হাসপাতালটি পরিচালিত হচ্ছে। হাসপাতালটির চিকিত্সা সেবা কার্যক্রম চালু হওয়ায় দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী ,বরগুনা ও ভোলা জেলার চিকিত্সা সেবা বঞ্চিত হতদরিদ্র মা ও শিশুদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত হলো।