ইভটিজিংয়ের প্রতিবাদ করায়
মিঠাপুকুরে সাবেক পুলিশ কর্মকর্তা আহত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:০৯
মিঠাপুকুর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছে। জানা যায়, উপজেলার সেরুডাঙ্গা হাজীপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের পুত্র সন্ত্রাসী ও বখাটে পিন্টুসহ বেশ কয়েকজন যুবক রামরায়ের পাড়া এলাকার এক স্কুলপড়ুয়া মেয়েকে রাস্তায় থামিয়ে অশালীন কথাবার্তা ও প্রেম নিবেদনের চেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদ করায় মঙ্গলবার রাতে সেরুডাঙ্গা বাজারে আবু বক্কর সিদ্দিক নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর রড, লাঠিসোটা নিয়ে হামলা চালায় সন্ত্রাসী পিন্টু, আব্দুল্লাহ, রহমান, আনিছুরসহ বেশ কয়েকজন সন্ত্রাসী।