শ্লীলতাহানির অভিযোগে বিভিন্ন স্থানে আটক ৫

দেশের বিভিন্ন স্থানে শ্লীলতাহানির অভিযোগে বেশ কয়েকজন আটক হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা এসব ঘটনার সংবাদ পাঠিয়েছেন । পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার নিজহাওলা গ্রামের ৩য় শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এলাকার লোকজন ধর্ষক একই এলাকার কাদের হাওলাদারের ছেলে ছালাম সরদারকে(১৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত মঙ্গলবার বেলা ১১টায় সংঘটিত এই ঘটনায় ঐ রাতে রাঙ্গাবালী থানায় একটি মামলা হয়েছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজহাওলা গ্রামের মোঃ কাদের সরদারের ছেলে ছালাম সরদার (১৫) মঙ্গলবার বেলা ১১টার দিকে একই এলাকার ঐ ছাত্রীর বসতঘরে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ডাকচিত্কারে মেয়ের মা এবং এলাকার লোকজন ছুটে এসে ধর্ষক ছালামকে আটক করে। ফরিদপুর (পাবনা) উপজেলার ডেমরা গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সাগর সূত্রধর (২১)-এর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। গত বুধবার সরেজমিনে গিয়ে শিশুটির মা জানান, প্রতিবেশী ছানা সূত্রধর গত রবিবার দুপুর ১টার দিকে শিশুটিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের মাঠের মধ্যে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে শিশুটির কান্না শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং ধর্ষক ছানা সূত্রধরের ছেলে সাগর সূত্রধরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে বেঁধে রাখে। ক্ষুব্ধ জনতা ধর্ষকের বাড়িঘর জ্বালিয়ে দেয়, পরে সাগর সূত্রধরকে পুলিশে সোপর্দ করে। মহেশপুর (ঝিনাইদহ) মহেশপুর উপজেলার আলীপুর কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার বিকালে স্কুল ছুটির পর অফিস ঝাড়ু দেয়ার নাম করে ডেকে নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে মঙ্গলবার ম্যানেজিং কমিটির সভাপতি আঃ মালেকের সভাপতিত্বে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ধর্ষক শিক্ষককে আটকে রেখে পুলিশের খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ক্ষেতলাল (জয়পুরহাট) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরে প্রকাশ্যে বুধবার এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। স্থানীয় রসালপাড়া গ্রামের ওই কলেজ ছাত্রী কলেজ থেকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে ঘুগইল গ্রামের রাব্বি হাসান রবি (২২) নামের এক বখাটে যুবক তাকে প্রকাশ্যে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় আশ-পাশের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার এবং যুবকটিকে আটক করে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সোনারগাঁওয়ের নানাখী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার বিকেলে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধর্ষক লুত্ফর রহমানকে গ্রেফতার করেছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করে একই এলাকার নানাখী মধ্যপাড়া গ্রামের শামসুল হক মাস্টারের ছেলে লুত্ফর রহমান ওরফে অপু। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে ধর্ষক লুত্ফর রহমান, তার পিতা শামসুল হক মাস্টার ও মাতা লুত্ফা বেগমকে আসামি করে গত বুধবার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার আভিযোগে ধর্ষক লুত্ফর রহমানকে গ্রেফতার করেছে।