কুষ্টিয়ায় কৃমিনাশক ওষুধ খেয়ে ৩৬ শিক্ষার্থী অসুস্থ
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:১১
কুষ্টিয়া মিরপুর উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার দুপুরে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৩৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সংবাদ পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা সিভিল সার্জন তরুণ কান্তি হালদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান লেলিন অসুস্থ শিক্ষার্থীদের দেখতে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শামছুল আরেফিন উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, বুধবার দুপুর ১২ টার সময় স্বাস্থ্য সহকারী রাজিব ও স্বাস্থ্য পরিদর্শক ইয়াদুলের কাছ থেকে কৃমিনাশক ট্যাবলেট বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। ট্যাবলেট খাওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী মাথা ঘোরা, বমি বমি ভাব ও হাত-পায়ের শক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। একই সময়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদেরও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কথা থাকলেও তা বন্ধ রাখা হয়। তাত্ক্ষণিক স্কুলের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ বলেন, এতে আতংকিত হবার কিছু নেই। এদিকে গত সোমবারও উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০জন শিক্ষার্থী কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।