পূর্বধলায় লাল নিশান টাঙ্গিয়ে জমি দখল

পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলটি গ্রামের কফিল উদ্দির নামের এক দরিদ্র ব্যক্তির জমি দখলের জন্য একই গ্রামের সুজন মিয়া ও তার লোকজন জমির চারদিকে লাল নিশানের খুঁটি পুঁতে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোঃ কফিল মিয়া প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন। এদিকে গতকালই কফিল মিয়া সাংবাদিকদের নিকট লিখিত আবেদনে জানান, শূন্য দশমিক ৭৯ একর জমি তিনি পৈত্রিক সূত্রে ভোগ দখল করে আসছেন। কিন্তু একই এলাকার সুজন মিয়া তার লোকজন নিয়ে জোরপূর্বক জমি দখল করতে গেলে তারা বাধা প্রদান করেন। জমি দখলের ঘটনায় তিনি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাও দায়ের করেন। কিন্তু মামলার তোয়াক্কা না করে পূর্বধলার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ারের মাধ্যমে গতকাল জমির চারদিকে লাল নিশানের খুঁটি পুঁতে দেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য জেলা প্রশাসকের নিকট বিচার দাবি করেছেন।