ইনানী বীচে নিখোঁজ পাকিস্তানির লাশ উদ্ধার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:১৪
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করার সময় ফাহিম শেহজাদ (৩০) নামের এক পাকিস্তানী নাগরিক সাগরে ডুবে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ইনানী সৈকতের অদূরে তার লাশ পাওয়া যায়। বুধবার ইনানী সৈকতে সপরিবারে গোসল করার সময় দুপুর পৌনে ২টার দিকে পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলেন ওই পাকিস্তানী নাগরিক। তার লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লন্ডনে বসবাসকারী পাকিস্তানী নাগরিক ফাহিম শেহজাদ (৩০) বিয়ে করেন বাংলাদেশি তরুণী নুরজাহানকে। কিছুদিন আগে তিনি ঢাকার বনানীস্থ শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার তিনি স্ত্রী ও ভায়রাকে নিয়ে কক্সবাজারে আসেন। বুধবার সপরিবারে ইনানী সমুদ্র সৈকতে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হন।