সেনবাগে পুলিশের লুণ্ঠিত শর্টগান উদ্ধার, আটক ১৩

নোয়াখালী সেনবাগের বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাটবাজার সংলগ্ন মুক্তা ব্রিকফিল্ডের সামনে বুধবার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা করে পুলিশের একটি শর্টগান ও হ্যান্ডকাপসহ সন্ত্রাসী সিরাজ প্রকাশ বোমা পাটোয়ারীকে (৩৩) ছিনিয়ে নিয়েছে তার সহযোগী অপর একদল সন্ত্রাসী। এরপর থানা পুলিশ ঘটনার দীর্ঘ ৮ঘন্টা অভিযান চালিয়ে রাতে ফেনীর মাস্টারপাড়া এলাকা থেকে সন্ত্রাসী বোমা পাটোয়ারীকে গ্রেফতার করে। তাকে বৃহস্পতিবার সকাল থেকে সেনবাগ থানায় রাখা হয়েছে। সন্ত্রাসী পাটোয়ারী ক্ষমতাসীন দলের সদস্য। পুলিশের লুণ্ঠিত শর্টগানটি বৃহস্পতিবার উপজেলার বীজবাগ এলাকায় কাশেমের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী বোমা পাটোয়ারী ছাড়াও ১২ জনকে আটক করেছে। তাদের অনেকে নিরপরাধ বলে অভিযোগ উঠেছে। পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী বোমা পাটোয়ারীকে গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি এমরান আলী বলেন, এ ঘটনায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় থানায় পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যাচাই-বাছাই শেষে নিরপরাধ ব্যক্তিদের ছেড়ে দেয়া হবে।