মির্জাপুরে পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:১৭
টাঙ্গাইলে র্যাব ও পুলিশের খাতায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার সাইদুজ্জামান ওরফে সাইম (৩০) ও আফতাবুজ্জামান চৌধুরী ওরফে আহাদকে (২৮) গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল বৃহস্পতিবার মির্জাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক শ্যামল দত্ত জানান, এই দুই সন্ত্রাসীর নামে মির্জাপুর থানাতেই ৭/৮টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত খন্দকার সাইদুজ্জামান সাইমের পিতার নাম আখতারুজ্জামান সোজা। বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া পূর্বপাড়া গ্রামে এবং আফতাবুজ্জামান চৌধুরী আহাদের পিতার নাম আনোয়ার হোসেন চৌধুরী। বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্লা পূর্বপাড়া গ্রামে। সাইমের পিতা আখতারুজ্জামান সোজা মিয়া জামুর্কি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। প্রকাশ, সমপ্রতি পাকুল্লার শীতলতলায় মন্দিরে হামলা চালিয়ে ১১টি মূর্তি ভাংচুর ও লুটপাট, আওয়ামী লীগ নেতা এস এম মোজাহিদুল ইসলাম মনির, ব্যবসায়ী নেতা ও টাঙ্গাইল জেলার পাকুল্লা শাখার বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হবিবুর রহমান হবিকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সাইম, আহাদ এবং তাদের এই সন্ত্রাসী বাহিনী।