সংবাদ সংক্ষেপ

রাবির গ্রীষ্মকালীন ছুটি ২৮ এপ্রিল শুরু রাবি সংবাদদাতা\ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি একাডেমিক ক্যালেন্ডারের নির্ধারিত ছুটির দু’দিন আগেই আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। চলবে ৩১ মে পর্যন্ত। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ঠাকুরগাঁও প্রতিনিধি \ ‘দেশ গড়বো ডিজিটাল, সেবা হবে নির্ভেজাল’ এরই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরে একটি র্যালি বের করা হয়। মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করেন। তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে রুবিনা খাতুন (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের রেজাউল ইসলাম হালদারের কন্যা। গতকাল বৃহস্পতিবার খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার আলাদীপুর নামক স্থানে উক্ত ঘটনা ঘটে। নিহত রুবিনা তালার জাতপুর শাপলা প্রি-ক্যাডেট স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী। নালিতাবাড়ী সীমান্তে গুলি ও মদ উদ্ধার নালিতাবাড়ী সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী খলচান্দা গ্রাম থেকে পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে চাইনিজ রাইফেলের ১১০ রাউন্ড গুলি, ফিল্ডওয়ারলেসের ৮ মূল্যবান যন্ত্রাংশ ও ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। পুলিশ এব্যাপারে কাউকে আটক করতে পারেনি। পীরগঞ্জে ইএসডিও’র কর্মশালা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ইএসডিও’র ‘প্রমোশন অব রাইটস ফর এথনিক মাইনোরিটি এ্যান্ড দলিতস্ ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ)’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। ইএসডিও’র সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। নগরকান্দায় স্বাস্থ্য বিষয়ক কর্মশালা নগরকান্দা সংবাদদাতা \ মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত শিখন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইউকে এইড এবং ইউনিসেফের আর্থিক সহযোগিতায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস ফরিদপুরের বাস্তবায়নে ওয়াশ ইন স্কুল প্রকল্পের অধীনে নগরকান্দা উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩৬ জন শিক্ষক এবং ২৪ জন এসএমসি সদস্যদের জন্য বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি চর্চার উপর ২ ব্যাচে দুই দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার বিকালে সমাপ্ত হয়। এম,এন একাডেমীর মিলনায়তনে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোবাশ্বের হাসান। রাজৈরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ১টি বাড়ি টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের সন্নিকটে বদরপাশা ইউনিয়নের হাজীর খালপাড় নামক স্থানে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা চুন্নু মাতুব্বরের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। টহলরত পুলিশ খবর পেয়ে গ্রামবাসীকে নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে চুন্নু মাতুব্বর ও নুরজাহান দম্পত্তির ২টি বসতঘর ও ১টি গরু, ১টি বাছুর ও ৪টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। দুর্গাপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা\ দুর্গাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক ও জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত বিশ্ব ম্যালেরিয়া দিবস বৃহস্পতিবার পালিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তাং, পিআরডিএস উপজেলা ম্যানেজার মোঃ মুক্তারুল ইসলাম, সনত্ সাহা, পঙ্কজ মারাক, আহসান হাবীব প্রমুখ। কেরানীগঞ্জে এডিবির অর্থায়নে স্থায়ী বন্ধ্যাকরণ কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার কেরানীগঞ্জে এডিবির অর্থায়নে উপজেলা পরিষদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বুধবার হাসনাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ও পুরুষ স্থায়ী পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে। পুরুষ ৬০ জন ও ৪০ জন নারীকে স্থায়ী পদ্ধতি বন্ধ্যাকরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা ইউএনও মো. বাবুল মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-হাদী, মেডিক্যাল অফিসার ডাঃ মোছাদ্দেক হাবিব, পরিদর্শক মো. আবুল হোসেন প্রমুখ। বামনায় বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় বামনা (বরগুনা) সংবাদদাতা \ বাল্য বিবাহ প্রতিরোধে জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা সদর হাসপাতাল রোডস্থ অ্যাসেড কার্যালয় স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও বরগুনা কোস্টাল এনজিও ফোরামের সহযোগিতায় এবং আর্থ-সামাজিক শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা (অ্যাসেড) এর বাস্তবায়নে বামনা উপজেলা সাব-রেজিস্ট্রার, বিবাহ রেজিস্ট্রার, পুরোহিত ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেড সভাপতি রমেশ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মঞ্জুরুল ইসলাম। মঠবাড়িয়ায় গরুর তড়কা প্রতিরোধে বিনামূল্যের ভ্যাকসিন মঠবাড়িয়া সংবাদদাতা \ গরুর এ্যানথ্রাক্স বা তড়কা রোগ প্রতিরোধে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের দুই শতাধিক গরুর বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। স্থানীয় চাষীকল্যাণ সংগঠনের আয়োজনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার কবুতরখালী গ্রামের সোহরাফ সিকদারের বাড়ির সম্মুখ মাঠে বিনামূল্যে এ ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের ধর্ষক হালুয়াঘাটে গ্রেফতার ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ হালুয়াঘাট উপজেলার ১০নং ধুরাইল ইউনিয়নের রামনগর গ্রাম থেকে বুধবার টাঙ্গাইলের ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুল কাদেরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার চাঁনপাড়া গ্রামের হানিফ আলী ভূইয়ার পুত্র ৪ সন্তানের জনক আব্দুল কাদের (৩৫) একই গ্রামের ৪ বছরের শিশুকে ধর্ষণ করে। পাংশায় ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ পাংশা উপজেলায় বুধবার পাংশা পৌরসভার নারায়ণপুর এলাকার বাচ্চু ট্রের্ডাসের মধ্যে ভেজাল গুড় তৈরি করার সময় ওবেদ মন্ডল নামে এক গুড় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম খাঁনের নেতৃত্বে পরিচালিত আদালত এ সময় প্রায় দশ মণ ভেজাল গুড় জব্দ শেষে পার্শ্বের মাটির গর্তে ফেলে নষ্ট করে। নরসিংদিতে রাসেল হত্যায় ছয় জনের নামে মামলা নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফুটবলার রাসেল আহম্মেদ (১৮) খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মা বিলকিস বেগম বাদি হয়ে বুধবার ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাসেলের সহযোগিরা বুধবার দুপুরে সুগন্ধা আবাসিক এলাকায় ইমনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তাদের একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাতে ডাকাত দল অস্ত্রের মুখে ৫০ ভরি স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। রামগঞ্জে বর্ষসেরা কবি’র সংবর্ধনা রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ কর্তৃক সিলেকশন বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কবি পাটওয়ারী হোসেন শরীফ রামগঞ্জ উপজেলা বর্ষসেরা কবি ঘোষিত হওয়ায় ও বিশেষ পুরস্কার লাভ করায় রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা দিয়েছে। রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বুধবার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আমিনুল হক খন্দকার, পৌর কমান্ডার হাবীবুর রহমান, নোয়াগাঁও ইউপি কমান্ডার মজিবুর রহমান, লামচর ইউপি কমান্ডার মোঃ নজিবউল্যাহ, মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ প্রমুখ। ফুলবাড়িতে অভিভাবক দিবস ও শিক্ষার্থী সমাবেশ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ ফুলবাড়ি ফুলকাঁড়ি বিদ্যানিকেতনের উদ্যোগে গত মঙ্গলবার অভিভাবক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণীসহ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আয়োজিত অভিভাবক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণীসহ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। গোপালগঞ্জে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত গোপালগঞ্জ প্রতিনিধি \ “প্রতিটি শিশুর চাই একজন শিক্ষক”—এ-শ্লোগান নিয়ে গোপালগঞ্জে আলোচনা, চিত্রাংকন, সাংস্কৃতিক, রচনা প্রতিযোগিতা, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন। বুধবার গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে গণ-সাক্ষরতা অভিযান ও আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নূরউদ্দিন আহম্মেদ। আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের বাজেট ঘোষণা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বুধবার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ৬৭ লাখ ২৮ হাজার ৫৫১ টাকা আয় এবং ৬৫ লাখ ১৬ হাজার ৬০৬ টাকা ব্যয় ধরা হয়েছে। দ্ধ আলোচনা সভা কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালীগঞ্জে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ কালীগঞ্জে গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১২৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ কৃষি কর্মকর্তা মোশারেফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক প্রমুখ। লোহাগড়ায় কৃমিনাশক খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ লোহাগড়া (নড়াইল)সংবাদদাতা \ লোহাগড়ার লাহুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী কৃৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্থানীয় ক্লিনিক ও লোহাগড়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। ভৈরবে শ্রমজীবী শিশু শিক্ষার্থীদের ‘চাইল্ড পার্লামেন্ট’ ভৈরব সংবাদদাতা \ ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন ও প্রতিরোধে ভৈরবে শ্রমজীবী শিশু শিক্ষার্থীদের নিয়ে চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে জাঁকজমকপূর্ণ শিশু সম্মেলনে উপজেলার ১১টি প্রাথমিক স্কুলের পাঁচ শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা পপির শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশু শ্রম নিরসন প্রকল্প (sepwfcl) আয়োজিত শিশু সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. মোশতাক আহমেদ বুলবুল।